বাংলাদেশকে চাপে ফেলে খুশি নিউজিল্যান্ড তারকা
নিয়মিত দলের অধিকাংশ তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর ওপর বাংলাদেশের এই কন্ডিশনও ব্যতিক্রম নিউজিল্যান্ডের চেয়ে। সেসব উপেক্ষা করেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে কিউইরা।
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথ। সেখানেই দল নিয়ে কথা বললেন তিনি। দিয়ে রাখলেন সিরিজ জয়ের বার্তা।
নিউজিল্যান্ডের এই দল নিয়ে স্মিথ বলেন, ‘আমরা এমন দল নিয়ে এসেছি যারা পূর্ণ শক্তির নয়। তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে, এর ফলে দলের গভীরতা বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ভালো ব্যাপার এটি।’
নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের কন্ডিশনে অনেক পার্থক্য আছে। তাসমান পাড়ের দলগুলো জন্য তাই উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন। দল হিসেবে সেটিই চেষ্টা করছেন বলে জানালেন স্মিথ।
তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। এমন কন্ডিশনে খেললে কীভাবে কার্যকরী পারফরম্যান্স দেখানো যাবে তা বের করা যায়।’
বাংলাদেশের কন্ডিশনে অভ্যস্ত না হলেও প্রথম ম্যাচে স্বাগতিকদের চেপে ধরে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এটাকে আনন্দের বিষয় হিসেবে দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘এমন উইকেটে আমরা খেলে অত অভ্যস্ত নয়। ফলে আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলা দারুণ আনন্দের ব্যাপার ছিল। সিরিজ জিততে পারলে বিশাল ব্যাপার হবে।’

স্পোর্টস ডেস্ক