বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা
মিরপুরে খেলছে বাংলাদেশ পুরুষ দল। একই সময়ে রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নারী ক্রিকেট দল। সফরকারীদের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষদিকে ঘুরে দাঁড়িয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। দ্রুত উইকেট তুলে নিয়ে দুইশতেই আটকে দিয়েছে লঙ্কান নারীদের।
আজ সোমবার (২০ এপ্রিল) রাজশাহীতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতেই ৬৮ রান তুলে ফেলে সফরকারীরা। লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিতুমনি। হাসিনি ফেরেন ৪১ বলে ২৭ রান করে। তিন নম্বরে নামা হারশিতা সামিরাবক্রিমাকে দ্রুতই ফেরান রিতু। ৬ বলে ২ রান করে ফেরেন তিনি।
চার নম্বরে নামা হানসিমা করুণারত্নকে নিয়ে তৃতীয় উেইকেটে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন ইমেশা দুলানি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৭৭ বলে ৫২ করা ইমেশাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সুলতানা খাতুন।
ইমেশা ফিরলেও আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন হানসিমাও। ৭১ বলে ৫৪ রান করা এই ব্যাটারকে থামান সোবহানা মোস্তারি। পাঁচ নম্বরে নেমে ৩৮ বলে ৩০ রান করা কাভিশা দিলহারিকে ফেরান রিতুমনি।
একটা সময় মনে হচ্ছিল আড়াইশ ছাড়িয়ে যাবে শ্রীলঙ্কার রান। কিন্তু শেষদিকে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। শেষের ৪৫ রানে ৬ উইকেট তুলে নেয় টাইগ্রেস বোলরারা। এতে দুইশ রানেই থামে লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন রিতুমনি। দুটি উইকেট নেন নাহিদ রানা। একটি করে উইকেট যায় মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান আর সেবাহানা মোস্তারির ঝুঁলিতে।

স্পোর্টস ডেস্ক