শুরুর ধাক্কা সামলে পাওয়ার-প্লেতে এগিয়ে বাংলাদেশ
লক্ষ্যটা খুব একটা বড় নয়, কিন্তু সেটি তাড়া করতে নেমেও হোচট খেল বাংলাদেশ। শুরুতেই বড় ধাক্কাই খেল টাইগাররা। সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। সাইফ হাসানও দায়িত্ব নিতে পারলেন না। জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন নাজমুল হাসান শান্ত আর তানজিদ হাসান তামিম।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান নিয়েছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথকে দুটি চার মেরে উড়ন্ত শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। ফেরার আগে ৬ বলে ৮ রান করেন তিনি।
দুই সিরিজ পরে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। দেখেশুনে শুরু করার পরও উইকেটে থিতু হতে পারেননি তিনি। ১১ বলে ৮ রান করে ফিরেছেন উইলিয়াম ও’রুর্কের বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ দিয়ে।
উইকেট হারালেও রানের গতি বাড়িয়ে নিচ্ছেন তামিম আর শান্ত। দুজনই কিছুটা হাত খুলে খেলছেন। যে কারণে পাওয়ার-প্লে শেষে বাংলাদেশের রানরেট ৬.৭১।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। নাহিদ রানার ফাইফারে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় কিউইরা।

স্পোর্টস ডেস্ক