এবার মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ
শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্রুত উইকেট হারানোর পর দায়িত্ব নিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু আগে সঙ্গ দিতে পারলেন না বাকিরা। তিনিও খানিকটা লড়াই করে ফিরে গেলেন। পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারল না টাইগ্রেসরা। এতে দেড়শ পেরিয়েই থেমেছে বাংলাদেশের ইনিংস।
আজ বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৫ রান করেই থেমেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। মাত্র চার রানের মধ্যেই হারায় দুই উইকেট। ফিরে যান ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (১১ বলে ২) আর তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৬ বলে ০)।
চার নম্বরে নেমে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। তাকে সঙ্গ দেন আরেক ওপেনার শারমিন সুলতানা। তৃতীয় উইকেটে এই জুটি থেকে আসে ৪৫ রান। ৩৯ বলে ২৫ রান করে শারমিন ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর দ্রুতই ফিরে যান সোবহানা মোস্তারি (১১ বলে ৫)। স্বর্ণা আক্তার (২২ বলে ১৬), রিতু মনি (১৮ বলে ১৭), নাহিদা আক্তার (৪১ বলে ২০), রাবেয়া খানরা (১৯ বলে ১৫) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
একপ্রান্ত আগলে রাখা জ্যোতিও হাফসেঞ্চুরি তুলে নিয়ে মাঝে ফিরে যান। ১০১ বল খেলে ৫৮ রান করেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচে দুইশর ওপরে রান তাড়া করে জেতা বাংলাদেশ এদিন পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি। থেমেছে ১৬৫ রান করে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন চামারি আতাপাত্তু। সমান দুটি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, নিমাশা মিপেজ ও ইনোকা রানাবীরার। একটি উইকেট গেছে কাভিসা দিলহারির ঝুঁলিতে।

স্পোর্টস ডেস্ক