অস্ট্রিয়াকে হারানোর পর স্কালোনির কণ্ঠে সতর্কবাণী
টানা দুই জয়ে বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। ডালাসে রোববার রাতের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে দলের দুই গোলই এসেছে লিওনেল মেসির পা থেকে। তবে ম্যাচে পারফরম্যান্সের বিচারে কিছুটা যেন ছন্দহীন ছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়েও আর্জেন্টিনার আধিপত্য ছিল না বলার মতো। ৫৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও, অস্ট্রিয়াও লড়াই করেছে সমানে সমান। পুরো ম্যাচে ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৩টি। ফলে মেসির জোড়া গোল না থাকলে পয়েন্ট হারানোর বড় ঝুঁকিই ছিল দলটির সামনে।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় স্কালোনি দলের দুর্বলতাগুলো নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ম্যাচটি আলজেরিয়ার বিপক্ষে লড়াইয়ের মতোই ছিল। প্রতিপক্ষ শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং তারা আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল। আমাদের খেলায় কিছু বিষয় সংশোধনের আছে। তবে জয় সব কিছুকে সহজ করে তোলে।’
দলের কঠিন জয়ের প্রসঙ্গে স্কালোনি আরও যোগ করেন, ‘যখন আমাদের কষ্ট করার দরকার হয়, আমাদের দল তা করে। আজ কিছু সময় প্রতিপক্ষ খুব একটা চাপে না ফেললেও আমরা অহেতুক চাপে ছিলাম। মানুষ আমাদের খেলা উপভোগ করতে চায়, আমরাও চেষ্টা করছি। অনেকেই ভেবেছিল ম্যাচটি সহজ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।’
২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার ওপর ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। তবে শিরোপা ধরে রাখার লড়াই যে সহজ হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যোগ্য অনেক দলই এখানে আছে। লড়াইটা ভীষণ কঠিন হবে। বড় দলগুলোর মধ্যেই কেউ শিরোপা জিতবে, আমরাও সেই দৌড়ে আছি। তবে সবার জন্যই পথটা অনেক বন্ধুর হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক