আলোকস্বল্পতায় বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
নিউজিল্যান্ডের দারুণ শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে লড়াইটা চলছিল সমানতালে। এর মাঝেই ঘটল বিপত্তি। হঠাৎ করে বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইটের কয়েকটি বাল্ব। ফলে, বন্ধ রয়েছে খেলা।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ফ্লাডলাইট বন্ধ হওয়ার আগে ১৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে নিউজিল্যান্ড।
এবার নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
ঝড়ের গতিতে ছুটছিল নিউজিল্যান্ড। দুই প্রান্ত থেকেই সমানতালে বাউন্ডারি হাঁকাচ্ছিলেন কেইটেন ক্লার্ক আর ডিন ক্লিভার। আগের ওভারে বোলিংয়ে এসে ক্লিভারের উইকেট তুলে নেন রিশাদ। পরের ওভারে সাজঘরের পথ দেখান ক্লার্ককেও। একই পথে হেঁটে তানজিম সাকিব ফেরান বেভন জ্যাকবসকে। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড।
ইনিংসের ১২তম আর রিশাদের ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন ক্লার্ক। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। বল চলে যায় শর্ট কাভারে থাকা তাওহিদ হৃদয়ের হাতে। কিছুটা পেছনের দিকে সরে গিয়ে সেটি তালুবন্দি করেন হৃদয়। ক্লার্ক ফেরেন ৩৭ বলে ৫১ রান করে।
পরের ওভারে এসে উইকেট তুলে নিয়েছেন তানজিম সাকিবও। টাইগার পেসারকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন ব্রেভন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২ বলে ১ রান।
অবশেষে বাংলাদেশের উইকেট প্রাপ্তি
চট্টগ্রামে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারেই অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলার ও ফিল্ডার মিলে। তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে রান আউট হন নিউজিল্যান্ড ব্যাটার টিম রবিনসন। মাত্র এক বল খেলে তাওহিদ আফ্রিদির হাতে কাটা পড়েন রবিনসন। ১১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।
দ্রুত সাফল্য পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেইটেন ক্লার্ক ও ডেন ক্লিভার মিলে চালকের আসনে বসান সফরকারীদের। প্রথম ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে নিউজিল্যান্ড। ঝড়ো বেগে দুজন যখন রান তুলছিলেন, তখন পাল্টা আঘাত হানেন রিশাদ হোসেন। ২৮ বলে ৫১ করা ক্লিভারকে লেগেবিফোরের ফাঁদে ফেলেন রিশাদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কিউই ব্যাটার। দলীয়ে ৯৯ রানে ভাঙে ৮৮ রানের জুটি।
যেমন হলো বাংলাদেশের একাদশ
আলোচনায় থাকা দুই পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনের মধ্যে রিপনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আলোচনায় থাকলেও এ ম্যাচে অভিষেক হচ্ছে না সাকলাইনের।
সাকলাইন দলে একদমই নতুন মুখ, অন্যদিকে রিপন মণ্ডল ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার দৌড়ে এবারই বড় সুযোগ পাচ্ছেন।
এর বাইরে তিন পেসার, দুই স্পিনার আর ছয়জন স্পেশালিস্ট ব্যাটারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।
টস জিতে বোলিং করবে বাংলাদেশ
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় চারটিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।
দুই দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। ফলাফল অবশ্য কিউইদের পক্ষেই ছিল। দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

স্পোর্টস ডেস্ক