ঢাকা টেস্টে জয় পাওয়া সম্ভব : আশরাফুল
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে আজ। বৃষ্টির ফাঁকে সবটাই ব্যাটিং করেছে বাংলাদেশ। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৭৯ রানের লিড টাইগারদের। আগামীকাল পঞ্চম দিনের প্রথম সেশনও ব্যাটিং করবে বাংলাদেশ। অন্তত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথায় সেই আভাসই পাওয়া গেল।
আজ সোমবার (১১ মে) চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন আশরাফুল। সেখানে তিনি বললেন, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ সেটি এখনও চূড়ান্ত করেনি ম্যানেজমেন্ট। তবে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
আশরাফুল বলেন, ‘এখনও আমরা বসিনি কত রান করে আমরা ছাড়ব। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি। যদি কোনো বৃষ্টি না হয় তাহলে কাল ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা ৭০-৭৫ ওভার বোলিং করতে পারলে, আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।’
শেষ বিকেলে বাংলাদেশ স্লো ব্যাটিং করেছে কি না, এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা সেভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, এটা এমন একটা জিনিস। এখনও আমি মনে করি যে উইকেটে যে সাহায্য আছে, আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করি, এখনও এই ম্যাচ জেতা সম্ভব।’

স্পোর্টস ডেস্ক