রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা করল পর্তুগাল
বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেবেন।
মঙ্গলবার (১৯ মে) দর্শকে পূর্ণ একটি অডিটোরিয়ামে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস নিশ্চিত করেন, চতুর্থ পছন্দ হিসেবে গোলরক্ষক রিকার্দো ভেলহো দলের সঙ্গে থাকছেন। তবে পছন্দের তালিকায় থাকা প্রথম তিনজন গোলরক্ষকের মধ্যে কেউ আহত হলেই কেবল তাকে ২৬ জনের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।
নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে। এরপর তারা ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে এবং ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে। এবারের ফুটবল বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
কোচ মার্তিনেস জানান, দলে চারজন গোলরক্ষক ও পাঁচজন ফুলব্যাক রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে মাতেউস ফার্নান্দেস, রিকার্ডো হোর্টা ও পেদ্রো গনকালভেসকে।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : ডিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো
রক্ষণভাগ : দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ : ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস ও সামুয়েল কস্তা।
আক্রমণভাগ : ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও, গনসালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস ও ফ্রান্সিসকো ট্রিনকাও।

এনটিভি অনলাইন ডেস্ক