৩০ বছর পর কোনো শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি
পুরো সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অ্যাস্টন ভিলার কাছে। প্রথমার্ধেই দারুণ দুই গোলে সেটিকে আরও জোড়ালো করল। বিরতির পর ব্যবধান বাড়াল আরও। একপেশে ফাইনালে জার্মানির ক্লাব ফ্রেইবুর্ককে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে উনাই এমেরির দল। এই জয়ের মাধ্যমে দীর্ঘ তিন দশক পর কোনো বড় ট্রফি জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাবটি।
বুধবার (২০ মে) দিনগত রাতে ইস্তানবুলের বেসিকতাস পার্কে ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ইংলিশ ক্লাবটির হয়ে গোল তিনটি করেন ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গ্যান রজার্স।
এর আগে সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল ভিলা। আর ইউরোপের মঞ্চে তাদের আগের সাফল্য ছিল আরও পুরোনো-- ১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ঘরে তুলেছিল তারা।
অ্যাস্টন ভিলার দীর্ঘদিনের ট্রফি খরা দূর করার নেপথ্য কারিগর কোচ উনাই এমেরি। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগে থেকেই এই স্প্যানিয়ার্ডের দখলে ছিল।
এবার পঞ্চমবারের মতো এই ট্রফি জিতে নিজের রেকর্ডটিকে আরও উঁচুতে নিয়ে গেলেন তিনি। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার এই শিরোপা জিতেছিলেন এমেরি।
ম্যাচের শুরু থেকেই ফ্রেইবুর্ককে চেপে ধরে অ্যাস্টন ভিলা। তবে গোল পাওয়া হচ্ছিল না। অবশেষে ডেডলক ভাঙে ম্যাচের ৪১তম মিনিটে। বাঁ দিক থেকে মর্গ্যান রজার্সের চমৎকার ক্রস ডি-বক্সে পেয়ে দারুণ এক ভলিতে ভিলাকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার টিয়েলেমান্স।
১-০ গোলে এগিয়ে থাকার স্বস্তির মাঝেই বিরতির ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। ডি-বক্সের বাইরে সতীর্থের পাস ধরে একটু আড়াআড়ি গিয়ে চমৎকার এক বাঁকানো শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিলা।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার কমায়নি ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৫৮তম মিনিটে ফ্রেইবুর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মর্গ্যান রজার্স। বুয়েন্দিয়ার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা সামলে ছোট টোকায় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।
৭০তম মিনিটে আমাদু ওনানার একটি হেড পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান আর বাড়েনি। পুরো ম্যাচে অ্যাস্টন ভিলার ডিফেন্স ভাঙার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি ফ্রেইবুর্ক। ফলে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।
গত সপ্তাহেই প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল অ্যাস্টন ভিলা। সেই দুর্দান্ত ফর্ম ধরে রেখেই এবার ইউরোপের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরল ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক