বার্সার তরুণ তুর্কিকে নিয়ে বিশ্বকাপে সালাহরা
এক মাসও বাকি নেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের। অংশগ্রহণকারী দেশগুলোতে চলছে বিশ্বকাপের উন্মাদনা। ফিফার নিয়ম নেমে স্কোয়াড ঘোষণা করছে দেশগুলো। সেই ধারায় বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিসর। বরাবরের মতোই দলের বড় ভরসা ও অধিনায়ক মোহামেদ সালাহ’র নেতৃত্বে বিশ্বমঞ্চে লড়বে ফারাওরা।
এবারের দলে সবচেয়ে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। তবে সবাইকে অবাক করে দিয়ে কোচ হোসাম হাসান দল থেকে বাদ দিয়েছেন ফরাসি ক্লাব নঁতের তারকা ফরোয়ার্ড মোস্তফা মোহামেদকে।
বিশ্বকাপের মূল মঞ্চে যথারীতি অধিনায়ক সালাহ’র সঙ্গে আক্রমণভাগে জুটি বাঁধবেন ম্যানচেস্টার সিটিতে খেলা ইনফর্ম ফরোয়ার্ড ওমর মারমুশ। আগামী ২৮ মে রাজধানী কায়রোতে রাশিয়ার বিপক্ষে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। সেই ম্যাচের পর স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে ফিফার নির্ধারিত ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হাসান।
চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে নঁতের হয়ে মোস্তফা মোহামেদের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ২৪ ম্যাচে তিনি গোল করতে পেরেছেন মাত্র ৪টি। আর তার ক্লাবও লিগ ওয়ান থেকে রেলিগেটেড (অবনমন) হয়ে গেছে। এমন অফ-ফর্মের কারণেই কোচ মোস্তফাকে বিশ্বকাপের দলে রাখেননি।
অন্যদিকে, বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ফর্মে থাকা হামজা আবদেলকরিমকে মিসরের ফুটবলের ভবিষ্যৎ তারকা মনে করা হচ্ছে। তরুণ এই তুর্কিকে দলে টেনে আক্রমণভাগে নতুন ধার আনতে চান কোচ।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে একটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে মিসর। এরপরই শুরু হবে তাদের আসল মিশন।
আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। এরপর ২১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে মিসরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইরান ও মিসর।
মিসরের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা
ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ
মিডফিল্ডার : মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান
ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম

স্পোর্টস ডেস্ক