অবসর নেওয়া নয়্যারকে নিয়েই বিশ্বকাপে জার্মানি
সর্বশেষ জার্মানির জার্সিতে মাঠে নেমেছেন বছর দুয়েক আগে। মাঝে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। তবে আরেকটি বিশ্বকাপ খেলা থেকে বিরত থাকতে পারলেন না জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। অবসর ভেঙে ফিরলেন জার্মানির ২০২৬ ফুটবল বিশ্বকাপের দলে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান।
দলে ফিরলেও নয়্যারের কাঁধে থাকছে না অধিনায়কের ভার। এবারের বিশ্বকাপে জার্মানি দলকে নেতৃত্ব দেবেন মাঝমাঠের তারকা জসুয়া কিমিখ। তবে অধিনায়ক না হলেও নয়্যার যে দলের প্রধান গোলরক্ষক হিসেবে খেলবেন, তা নিশ্চিত করেছেন কোচ নিজেই।
দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে কোচ নাগেলসমান বলেন, ‘ম্যানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। আমরা তাকে আমাদের এক নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই দলে রাখছি এবং সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি।’
গত কয়েক বছরে নিয়মিত খেলেছেন, এমন ফুটবলারদের মধ্যে নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপে জায়গা পাননি। এ ছাড়া চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি ও বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
এবারের বিশ্বকাপে জার্মানি খেলবে গ্রুপ ‘সি’তে। শক্তির বিচারে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষরা বেশ সহজ। গ্রুপ পর্বে জার্মানির মুখোমুখি হবে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। আগামী ৩১ মে ফিনল্যান্ডের বিপক্ষে এবং ৬ জুন শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নাগেলসমানের শিষ্যরা।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

স্পোর্টস ডেস্ক