আবারও অসি শিবিরে বাংলাদেশের আঘাত
প্রথম দুই ওভারের ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া অস্ট্রেলিয়া গুছিয়ে নিয়েছে নিজেদের। মিডল অর্ডার চেষ্টা করছে ইনিংস মেরামতের। হাল ছাড়েনি বাংলাদেশও। তুলে নিয়েছে অসিদের আরও দুই উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান।
দুই ব্যাটারকে হারানোর পর হাল ধরেন কুপার কনোলি। ৫০ বলে ৩৫ করে বিপজ্জনক হয়ে ওঠা কনোলিকে ফেরান মোসাদ্দেক হোসেন। বল হাতে এনে দেন ব্রেক থ্রু। তাকে বোল্ড করেন মোসাদ্দেক। এর আগে অসি অধিনায়ক জস ইংলিশকে লিটন দাসের ক্যাচ বানান নাহিদ রানা।
নিজের দ্বিতীয় শিকার হিসেবে রানা সাজঘরে ফেরান অ্যালেক্স ক্যারিকে। এবারও উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন।
এরপর ম্যাট রেনশোকে লেগবিফোর করেন মোসাদ্দেক। সপ্তম উইকেট নেন নাহিদ। লিয়াম স্ককের ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
দুর্দান্ত শুরু বাংলাদেশের, দুই ওভারে দুই শিকার
ব্যাট হাতে শেষ দিকে দারুণ খেলেছে বাংলাদেশ। সেই রেশ ধরে রেখেছেন বোলাররা। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ভেঙেছে অসি ওপেনার ম্যাথু স্কটের স্ট্যাম্প। শূন্য রানে সাজঘরে ফেরেন স্কট।
তাসকিনের পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মুস্তাফিজ লেগ বিফোর করেন মার্নাস লাবুশেনকে। আম্পায়ার অবশ্য প্রথমে সাড়া দেন। রিভিউ নিয়ে উইকেট আদায় করে স্বাগতিকরা। ২ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ক্রীড়া প্রতিবেদক