বিশ্বকাপ অভিযানের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
বিশ্বকাপ শুরুর আগে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। দলের অতন্দ্রপ্রহরী এমিলিয়ানো মার্টিনেজ চোট কাটিয়ে আবারও মাঠে নামার জন্য প্রস্তুত। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলবারের নিচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন প্রবল।
আঙুলের চোট নিয়ে কয়েকদিন ধরেই অনিশ্চয়তায় ছিলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তবে সেই দুশ্চিন্তা এখন অনেকটাই দূর হয়েছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছেন, সর্বশেষ মেডিকেল পরীক্ষায় খেলার ছাড়পত্র পেয়েছেন মার্টিনেজ। তার ডান হাতের রিং ফিঙ্গারে থাকা প্লাস্টারও খুলে দিয়েছেন দলের চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১১ জুন) দলের অনুশীলনে পুরো সময় গ্লাভস পরে অংশ নেন মার্টিনেজ। সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেন তিনি। তার ফিটনেস ও আত্মবিশ্বাস দেখে কোচিং স্টাফও সন্তুষ্ট। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে তার থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ফ্রেইবুর্কের বিপক্ষে ম্যাচে আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচারে পড়েছিলেন মার্টিনেজ। তবে চোট পাওয়ার আগেই দুটি গুরুত্বপূর্ণ সেভ করে অ্যাস্টন ভিলাকে ১৯৮২ সালের পর প্রথম বড় ইউরোপীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই ম্যাচের পরই শুরু হয়েছিল তাকে নিয়ে উদ্বেগ।
আর্জেন্টিনার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য গোলরক্ষকদের একজন মার্টিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন তিনি। নকআউট পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ, টাইব্রেকারে অসাধারণ দৃঢ়তা এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে স্মরণীয় পারফরম্যান্সে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন এই অতন্দ্রপ্রহরী।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকে ফিরে পাওয়ার অপেক্ষায় এখন আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক।

স্পোর্টস ডেস্ক