আর্জেন্টাইন তারকাকে পেতে টাকার বস্তা নিয়ে হাজির সৌদি ক্লাব
বিশ্বকাপের উত্তাপের মধ্যেই আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। মার্কার খবরে বলা হয়েছে, আর্জেন্টাইন তারকাকে পেতে ২৭ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে এগিয়েছে সৌদি আরবের ক্লাব আল-আহলি।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা আলমাদাকে দলে ভেড়াতে আগ্রহী ব্রাজিলের কয়েকটি ক্লাবও। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটও তাকে ফেরানোর চেষ্টা করেছিল। তবে সৌদি ক্লাবের বড় অঙ্কের প্রস্তাব তাদের পিছিয়ে দিয়েছে।
যদিও আলমাদার সঙ্গে আতলেতিকোর চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। তবুও তাকে নিয়ে আসা প্রস্তাবগুলো বিবেচনা করছে স্প্যানিশ ক্লাবটি। তবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের পুরো মনোযোগ এখন বিশ্বকাপে। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য আলমাদা বিশ্বকাপ শেষে সব প্রস্তাব মূল্যায়ন করে পরবর্তী গন্তব্য নির্ধারণ করবেন।

স্পোর্টস ডেস্ক