ব্রাজিল নাকি স্কটল্যান্ড, কে জিতবে? জানাল সুপারকম্পিউটার
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় শুরু হবে এই লড়াই।
একদিকে সেলেসাওদের অভিজ্ঞতা ও পরিসংখ্যানের দাপট। অন্যদিকে, প্রথমবারের মতো নকআউটের স্বপ্ন পূরণের লক্ষ্যে স্কটল্যান্ডের মরিয়া লড়াই— সব মিলিয়ে উত্তেজনার এখন পারদ তুঙ্গে।
তবে মাঠে বল গড়ানোর আগেই জয়ী দলের ভবিষ্যদ্বাণী করে ফেলেছে ‘অপ্টা সুপারকম্পিউটার’। ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন করার পর সুপারকম্পিউটার জানিয়েছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। বিপরীতে, স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৮.২ শতাংশ।
পরিসংখ্যানের পাতায়ও ব্রাজিল অনেকটা এগিয়ে। ১৯৭৪ সালের পর থেকে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শেষ চার ম্যাচে তিন জয় ও এক ড্র তাদের নামের পাশে। সব মিলিয়ে কার্ড ও চোট সমস্যা থাকলেও, ব্রাজিলই যে এই ম্যাচে পরিষ্কার ফেভারিট—তা আর বলার অপেক্ষা রাখে না।
টুর্নামেন্টের শুরুর ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে কার্লো আনচেলত্তির দল। হাইতির বিপক্ষেই জার্মানিকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (২৪১ গোল) হওয়ার রেকর্ড গড়েছে সেলেসাওরা।
সুখবর হলো, চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আক্রমণভাগের শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র।
অন্যদিকে, স্কটল্যান্ড শিবিরের লক্ষ্য এখন ইতিহাস গড়া। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে একাধিক জয় নিশ্চিত করার সুযোগ তাদের সামনে। যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি তারা।
তবে মরক্কোর বিপক্ষে হারলেও হাইতিকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত স্কটিশরা। বিশেষ করে লুইস ফার্গুসন ও বেন গ্যানন-ডোকারের ওপর থাকবে বাড়তি নজর।

স্পোর্টস ডেস্ক