১৬ বছরের অপেক্ষা ফুরিয়ে শেষ ষোলোতে স্পেন
শক্তি-সামর্থ কিংবা অতীত পরিসংখ্যান— সবকিছুতেই অস্ট্রিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল স্পেন। মাঠের খেলায়ও সেটার দেখা মিলল। দাপুটে ফুটবলে অস্ট্রিয়াকে কোনো সুযোগই দিল না স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেই রাজকীয় ভঙ্গিতে হেসে খেলেই জয় ছিনিয়ে আনলো তারা। ১৬ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল স্পেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন আর অস্ট্রিয়া। দাপুটে ফুটবলে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে নকআউট ম্যাচে জয় পেয়েছিল তারা। এরপর ২০১৪, ২০১৬, ২০১৮ কিংবা ২০২২ বিশ্বকাপ— সবগুলোতেই নকআউট ম্যাচে জিততে পারেনি স্পেন।
পুরো ম্যাচ জুড়েই একচেটিয়া আধিপত্য দেখিয়েছে লা রোহারা। পরিসংখ্যানও স্পেনের একতরফা দাপটের কথাই বলছে। ৬৫ শতাংশ সময় বল ছিল স্পেনের নিয়ন্ত্রণে। তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, অস্ট্রিয়া ৫টি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি।
ম্যাচের ৩৬তম মিনিটে মিকেল ওইয়ারজাবালের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ৬৬তম মিনিটে পেদ্রো পোরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের শেষদিকে, ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ওইয়ারজাবাল।
ম্যাচজুড়ে মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর নিয়ন্ত্রণ এবং আক্রমণে লামিনে ইয়ামাল-ওইয়ারজাবাল জুটি অস্ট্রিয়ার রক্ষণকে বারবার ভেঙে দেয়। অন্যদিকে, অস্ট্রিয়া পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল এবং কার্যকর কোনো আক্রমণ গড়তে পারেনি।
এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর স্পেন এখন শেষ ষোলোতে মুখোমুখি হবে পর্তুগাল বা ক্রোয়েশিয়ার বিজয়ীর সাথে।

স্পোর্টস ডেস্ক