ভিএআর নাটক শেষে এগিয়ে থেকে বিরতিতে গেল সুইজারল্যান্ড
বিশ্বকাপে কাতার ও সুইজারল্যান্ডের শক্তির পার্থক্য কাগজে-কলমেই স্পষ্ট। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৩৭ ধাপ। মাঠেও প্রথমার্ধে সেই পার্থক্যের প্রতিফলন দেখা গেছে। পেনাল্টি ও ভিএআর নাটকের পর ব্রিল এমবোলোর গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।
চার বছর আগে নিজেদের আয়োজিত বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে বাজে স্বাগতিক দলের তকমা নিয়ে বিদায় নিয়েছিল কাতার। এবার সেই হতাশা কাটিয়ে ভালো শুরুর লক্ষ্য থাকলেও প্রথমার্ধে সুইসদের চাপে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা।
অন্যদিকে, কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার ১-১ গোলে ড্রয়ের পর এই ম্যাচকে নকআউট পর্বে ওঠার দৌঁড়ে বড় সুযোগ হিসেবে দেখছিল সুইজারল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা, কাতারের রক্ষণে চাপ সৃষ্টি করে।
ম্যাচের ১৩তম মিনিটে বক্সের ভেতরে রেমো ফ্রয়লারকে ফাউল করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পরই শুরু হয় ভিএআর পর্যালোচনা। ফ্রয়লার অফসাইডে ছিলেন কি না, সেটি যাচাই করতে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ভিএআর অনফিল্ড সিদ্ধান্ত বহাল রাখলে স্বস্তি পায় সুইজারল্যান্ড।
১৭তম মিনিটে স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি ব্রিল এমবোলো। জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর কাতার কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করলেও সুইসদের সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে হলে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে কাতারকে। আর সুইজারল্যান্ড চাইবে এই ব্যবধান ধরে রেখে বিশ্বকাপ মিশনে জয় দিয়ে শুরু করতে।

স্পোর্টস ডেস্ক