স্পেনের আধিপত্য, নাকি কেপ ভার্দের চমক
ইউরোপীয় চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। গ্রুপ এইচ এর প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ বিশ্বমঞ্চে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা। একদিকে অভিজ্ঞতা, শিরোপার গৌরব ও আধিপত্যের চাপ। অন্যদিকে নতুন ইতিহাস গড়ার অদম্য স্বপ্ন।
ইউরো ২০২৪-এর পর থেকেই স্পেন যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি টানা ৩১টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত। যার মধ্যে ২৫টি জয় এসেছে। এই ধারাবাহিকতা শুধু ফলাফলে নয়, খেলায়ও স্পষ্ট। বল দখল, আক্রমণাত্মক গতি এবং ট্যাকটিক্যাল শৃঙ্খলায় স্পেন এখন ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও পরিণত দলগুলোর একটি।
বাছাইপর্বে স্পেনের পারফরম্যান্স ছিল আরও দাপুটে। প্রতি ৯০ মিনিটে প্রায় ৯.৭টি ‘শট অন টার্গেট’ নিয়ে তারা আক্রমণভিত্তিক ফুটবলের নতুন মানদণ্ড তৈরি করেছে। মিকেল ওয়ারিয়াবাল, পেদ্রি, ফাবিয়ান রুইজ, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামালের মতো তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি প্রতিপক্ষের জন্য তৈরি করেছে অবিরাম চাপের এক কাঠামো।
অন্যদিকে কেপ ভার্দে এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে। আফ্রিকান বাছাইপর্বে ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে তারা গড়েছে ঐতিহাসিক পথচলা। কোচ বুবিস্তার অধীনে দলটি এখন অনেক বেশি সংগঠিত, আত্মবিশ্বাসী এবং পরিকল্পিত ফুটবল খেলছে। শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। যেখানে আক্রমণভাগে ডাইলন লিভ্রামেন্টো ও অভিজ্ঞ রায়ান মেন্ডেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে বাস্তবতা বলছে, অভিজ্ঞতা ও শক্তিমত্তার দিক থেকে স্পেনই স্পষ্টভাবে এগিয়ে। পরিসংখ্যান, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা— সব দিক থেকেই ইউরোপীয় চ্যাম্পিয়নরা এগিয়ে আছে। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা অনেক বেশি হলেও কেপ ভার্দে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপে চমক দেখানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
স্পেনের লক্ষ্য থাকবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করা এবং গ্রুপ পর্বে শক্ত বার্তা দেওয়া। অন্যদিকে কেপ ভার্দে চাইবে নিজেদের সংগঠিত রক্ষণ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে। এবং ইতিহাসের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে।
একটি নতুন শক্তির উত্থান বনাম প্রতিষ্ঠিত রাজত্বের পরীক্ষা— এই ম্যাচ তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং দুই ভিন্ন ফুটবল বাস্তবতার লড়াইও।
স্পেন চাইবে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণে নিতে। অন্যদিকে কেপ ভার্দে যতটা বেশি সম্ভব স্পেনের সমান্তরালে লড়াইয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।
কেপ ভার্দের শৃঙ্খলিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণ যদি কার্যকর হয়, তাহলে অপ্রত্যাশিত কিছু ঘটার সুযোগও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
সম্ভাব্য একাদশ
স্পেন : উনাই সিমন; পেদ্রো পোরো, লাপোর্ত, কুবার্সি, কুকুরেয়া; রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইজ; লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস
কেপ ভার্দে : ভোজিনহা, স্টিভেন মোরেরা, লোগান কস্তা, পিকো লোপেস, স্টোপিরা; জামিরো মন্টেইরো, কেভিন পিনা, ডেরয় ডুয়ার্তে; রায়ান মেন্ডেস, ডাইলন লিভ্রামেন্টো, উইলি সেমেদো

স্পোর্টস ডেস্ক