হাকিমির বিরুদ্ধে ধর্ষণ মামলা, বিচারের নির্দেশ ফরাসি আদালতের
মরক্কোর অধিনায়ক আক্রাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু হবে বলে নিশ্চিত করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। ২০২৩ সালে ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, প্যারিসে নিজের বাসভবনে তাকে ধর্ষণ করেন প্যারিস সেন্ট জার্মেইনের এই ডিফেন্ডার। অভিযোগের পর ২০২৩ সালের মার্চে তদন্ত শুরু হয়।
তদন্ত শেষে একজন বিচারক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মামলাটি বিচারের নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিচার বাতিলের জন্য হাকিমির সাম্প্রতিক আপিলও খারিজ হয়েছে। তবে বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
হাকিমি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তিনি বছরের পর বছর নীরব থেকেছেন এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। তার দাবি, তিনি নির্দোষ এবং বিচারের মাধ্যমে সত্য প্রকাশ পাবে। তিনি আরও বলেন, বিখ্যাত হওয়ার কারণেই তাকে সহজ লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে তার মনে হয়।
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী র্যাচেল ফ্লোর পার্দো এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তার মক্কেল আদালতে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এই বিচার যৌন সহিংসতার অভিযোগ নিয়ে নীরবতা ভাঙতে অন্যদেরও উৎসাহিত করবে।
বর্তমানে বিশ্বকাপে মরক্কো দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হাকিমি। তবে দলটি নকআউট পর্বে উঠলে কানাডা বা মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ২০১৬ সালে মরক্কোর হয়ে অভিষেক হওয়া হাকিমি ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম সেমিফাইনালিস্ট মরক্কো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

স্পোর্টস ডেস্ক