সেই পেনাল্টি মিস করা নিয়ে যা বললেন মেসি
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই সেই সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে পড়েছিলেন তিনি।
তবে সেই পেনাল্টি মিসের স্মৃতি দ্রুত মুছে ফেলে নিজের সেরাটা উপহার দেন আর্জেন্টাইন মহাতারকা। জোড়া গোল করে দলকে জেতালেন ২-০ ব্যবধানে, আর সেই সঙ্গে নিজের নামের পাশে যোগ করলেন অনন্য এক রেকর্ড। হয়ে গেলেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শেষে পেনাল্টি মিস এবং ব্যক্তিগত অর্জনের বিষয়ে মেসি বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে তা সত্যিই চমৎকার। আজ আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু আমি সেই পেনাল্টিতে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতামও না। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না। তবে ফলাফল, পারফরম্যান্স ও দলের কাজে আমি অত্যন্ত খুশি।’
অস্ট্রিয়ার বিপক্ষে এই জয় আর্জেন্টিনাকে সরাসরি নকআউট পর্বে নিয়ে গেছে। দলের জয়ের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘আমি এই জয়ের জন্য সত্যিই খুব খুশি। অনেক লড়াই করে যোগ্য দল হিসেবেই আমরা এই জয় তুলে নিয়েছি। সামনের দিনগুলোর জন্য এটি আমাদের মনে এক ধরনের প্রশান্তি দেবে।’
বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে কঠিন, তা মনে করিয়ে দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটাই বিশ্বকাপ! এখানকার প্রতিটি ম্যাচই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের এই ছয় পয়েন্ট হাতে থাকায় এখন অন্তত এই সপ্তাহটা আমরা স্বস্তিতে কাটাতে পারব। তবে আমাদের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

স্পোর্টস ডেস্ক