‘মেসি সর্বকালের সেরা’ সেই মন্তব্য নিয়ে নতুন দাবি রোনালদোর
বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বেশ কিছুদিন ধরে সরগরম ছিল ফুটবল অঙ্গন। বলা হচ্ছিল, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নাকি মেসিকে ‘ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা’ বলে আখ্যায়িত করেছেন।
এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন স্বয়ং রোনালদো। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন কোনো কথাই তিনি কখনো বলেননি। এটি পুরোপুরি একটি ভুয়া খবর বা অপপ্রচার।
ব্রাজিলিয়ান আরেক কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক আলাপচারিতায় বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। রোমারিও তাকে সরাসরি প্রশ্ন করেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ এমন প্রশ্নে হেসে দিয়ে রোনালদো ব্যাখ্যা করেন, তিনি নিজেই এ ধরনের মন্তব্য দেখে অবাক হয়েছিলেন।
রোনালদো জানান, তার নামে এমন ভুয়া উক্তি ছড়িয়ে পড়ায় তিনি বেশ বিরক্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না আসলে কী হচ্ছে। পরে আমার প্রতিনিধি দল খোঁজ নিয়ে জানতে পারে, বার্সেলোনাভিত্তিক পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’ আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে এমন কিছু কথা জুড়ে দেওয়া হয়েছিল যা আমি কখনো বলিনি।’
মূলত বিশ্বকাপে মেসি যখন রোনালদোর গোলসংখ্যা টপকে যান, তখনই স্প্যানিশ সংবাদমাধ্যমটিতে এমন একটি খবর প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয়, রোনালদো বলেছেন—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে, মেসিই সর্বকালের সেরা।’
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে অবশ্য রোনালদোর প্রতিনিধি দল সেই সংবাদ মাধ্যমটির সঙ্গে যোগাযোগও করেছিলেন। এরপর সঙ্গে সঙ্গেই রোনালদোর প্রতিনিধিরা এর প্রতিবাদ জানান এবং জানান যে এমন কোনো সাক্ষাৎকার তিনি দেননি।
তবে মেসিকে সর্বকালের সেরা না বললেও, আর্জেন্টাইন অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধা সবসময়ই প্রকাশ করেছেন রোনালদো। মেসি বিশ্বকাপে তার গোলসংখ্যা টপকে যাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি।
সেখানে রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’
মেসির প্রশংসা আর তাকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করার মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে, সেটিই রোমারিওর মাধ্যমে ভক্তদের কাছে স্পষ্ট করে দিলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক