নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে ফিরল স্বস্তির হাওয়া। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম ভরসা ও বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া। ডান ঊরুর চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা এই তারকা নিউ জার্সিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।
চলতি মৌসুমে একের পর এক চোটে পড়া রাফিনিয়াকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। একদিকে লুকাস পাকুয়েতা চোটে থাকায় দলের আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে রাফিনিয়ার ফেরার খবরটি কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ জুলাই নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।
তবে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস গড়ার। এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রোনালদো-রিভালদোদের শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে। সবমিলিয়ে চারবারের দেখায় নরওয়ের দুটি জয় ও দুটি ড্র—পরিসংখ্যান পরিষ্কারভাবেই নরওয়ের দিকে ঝুঁকে আছে।
এদিকে, এই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সেখানে তাদের লড়তে হতে পারে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিংবা স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। অন্যদিকে, সেমিফাইনালের পথে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো দলগুলো।

স্পোর্টস ডেস্ক