স্পেন-জার্মানিকে পেছনে ফেলে ব্রাজিলকে তাড়া করছে আর্জেন্টিনা
বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। চমক দেখিয়ে প্রথমবারই নকআউটে জায়গা করে নিয়েছিল তারা। নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে তারা লড়াই করেছে, সেটি ছিল অবিশ্বাস্য। তবে নাটকীয় লড়াই শেষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
আজ শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৩-২ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা কেবল পরবর্তী রাউন্ডেই যায়নি, সেই সাথে গড়েছে বিশ্বকাপের এক নতুন ইতিহাস।
বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে ১১তম বারের মতো শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। এর মাধ্যমে আলবিসেলেস্তেরা পেছনে ফেলেছে স্পেন ও জার্মানিকে। এতদিন ১০ বার করে শেষ ষোলোতে খেলে এই তিন দল যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিল। তাদের টপকে আর্জেন্টিনা এখন এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার (১৩ বার) শেষ ষোলো খেলার রেকর্ডটি এখনো ব্রাজিলের দখলে। ১১ বার শেষ ষোলোতে পৌঁছে তাদের ঠিক পেছনেই এখন অবস্থান করছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এর আগে ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলোর গণ্ডি পেরিয়েছিল। এবার ২০২৬ বিশ্বকাপে এসে সেই সংখ্যাটি ১১-তে দাঁড়াল। মাঝে কিছু বছর আর্জেন্টিনা বিশ্বকাপে অংশ নেয়নি কিংবা বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন থাকায় শেষ ষোলোর সুযোগ সেভাবে আসেনি।
এদিকে, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর এবং আর্জেন্টিনা—এই ১৬টি দল তাদের শেষ ষোলো বা তার পরের রাউন্ড নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক