আরও যেসব রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি
বিশ্বকাপে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ে আজ শনিবার (৪ জুলাই) আরও কয়েকটি অনন্য কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মেসি। এই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। একই সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
এই ম্যাচে আরেকটি অনন্য রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি হয়ে থাকল এই অর্জন।
কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ইতিহাসে অন্য কোনো ফুটবলার এত বেশি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে পারেননি।
নকআউট পর্বেও মেসির প্রভাব অব্যাহত। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে এখন পর্যন্ত ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউট পর্বে এটি যৌথভাবে সর্বোচ্চ গোল-অবদান। এই তালিকায় ১১টি করে গোল-অবদান নিয়ে তার পরেই রয়েছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পে।
এতেই শেষ নয়। বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলারও এখন মেসি। পাশাপাশি একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করার নজিরও গড়েছেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সাত গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
৩-২ গোলের জয়টি আর্জেন্টিনাকে যেমন পরবর্তী লড়াইয়ের পথে এগিয়ে নিয়েছে, তেমনি মেসির নামের পাশে যোগ হয়েছে বিশ্বকাপ ইতিহাসের আরও কয়েকটি অনন্য অধ্যায়।

স্পোর্টস ডেস্ক