ব্রাজিল-নরওয়ে ম্যাচে যে পরিবর্তন আনতে পারে ফিফা
যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে শেষ ষোলোর ম্যাচগুলোর সূচিতে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচের সময় এগিয়ে আনার পরিকল্পনার পাশাপাশি ব্রাজিল ও নরওয়ের ম্যাচও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, সূচিতে পরিবর্তন আসতে পারে এবং তারা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
বর্তমান সূচি অনুযায়ী, নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামার কথা ব্রাজিল ও নরওয়ের। যদিও সেই অঞ্চলে ঝড় বা ভারী বৃষ্টির উল্লেখযোগ্য কোনো পূর্বাভাস নেই, তবু অন্য ম্যাচের সম্ভাব্য সূচি পরিবর্তনের প্রভাব পড়তে পারে এই ম্যাচে।
জানা গেছে, ঝড়ের আশঙ্কায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-মেক্সিকো শেষ ষোলোর ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে ফিফা। বর্তমানে ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও, সিদ্ধান্ত কার্যকর হলে সেটি রবিবার রাত ১২টায় অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তন হলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরেকটি শেষ ষোলোর ম্যাচ আয়োজন করতে চায় না ফিফা। সে কারণেই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার আলোচনা চলছে। সে ক্ষেত্রে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিট কিংবা রাত ৩টায় শুরু হতে পারে।
ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত জানালে দুই ম্যাচের সংশোধিত সূচিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

স্পোর্টস ডেস্ক