‘আমাকে উপদেশ দেওয়ার যোগ্য ব্যক্তি একজনই আছেন’
তিন দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে কার্লো আনচেলত্তিকে রাগতে দেখা গেছে খুব কমই। চাপের মুখেও অবিচল থাকার ক্ষমতার কারণে স্পেনে তার ডাকনাম হয়েছিল ‘দ্য ডন’। কিন্তু এবার সমালোচকদের কড়া জবাব দিয়ে নিজের অন্য এক রূপ দেখালেন ব্রাজিল কোচ।
জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর ব্রাজিলের খেলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন তার কৌশল নিয়ে, কেউ কেউ বলছেন, এই ফুটবল দিয়ে নকআউট পর্বে বেশি দূর যাওয়া সম্ভব নয়। টানা সমালোচনায় শেষ পর্যন্ত বিরক্তি গোপন রাখেননি এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
নিউইয়র্কে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আনচেলত্তি ইতালির একটি প্রচলিত প্রবাদের কথা মনে করিয়ে দেন, ‘ইতালিতে বলা হয়, সব পুরুষই ফুটবল কোচ হতে চায়, আর সব নারী হতে চায় স্থপতি।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ফুটবল কতটা বুঝি বা না বুঝি সেটা বড় কথা নয়। কিন্তু আমার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা সবার নেই। আমি ১ হাজার ৪০০-এর বেশি ম্যাচে কোচিং করিয়েছি। ফুটবল বোঝার জন্য এটিই শেষ কথা নয়, তবে অভিজ্ঞতা হিসেবে এটি কম কিছু নয়।’
নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে টেনে আনেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম। আনচেলত্তি বলেন, ‘ফুটবল ইতিহাসে আমার চেয়ে বেশি ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড কেবল স্যার অ্যালেক্স ফার্গুসনের। তিনি ২ হাজারের বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আমি সবার কথাই শুনি, কিন্তু আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধু স্যার অ্যালেক্স ফার্গুসনই।’
ব্রাজিল দলের ওপর পূর্ণ আস্থা রেখে আনচেলত্তি সমালোচকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, মাঠের বাইরের মানুষের কথায় তিনি কান দিতে রাজি নন। তার পুরো মনোযোগ এখন নরওয়ের বিপক্ষে আসন্ন লড়াইয়ের দিকে।

স্পোর্টস ডেস্ক