যুক্তরাষ্ট্র শিবিরে স্বস্তি ফেরানোয় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে বড় স্বস্তি পেল স্বাগতিক যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এতে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
ফিফার এই সিদ্ধান্তে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকের কাছেই এটি অস্বাভাবিক ও বিতর্কিত মনে হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমের দাবি, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। হোয়াইট হাউস সূত্রের মাধ্যমে বলা হয়েছে, এই যোগাযোগের পরই ফিফা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়াম। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে বিস্মিত এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
ফিফা অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, শৃঙ্খলা বিধির একটি বিশেষ ধারার সুযোগ নিয়ে বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে একটি ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন বালোগান। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত ফিফার সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

স্পোর্টস ডেস্ক