আজই শেষ রোনালদো অধ্যায়?
একটা প্রজন্মের শৈশব থেকে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবনেও দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের ফুটবলে বর্ণিল এক চরিত্র রোনালদো আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগালের ম্যাচ মানে আলোচনায় সিআরসেভেন। পর্তুগিজরা জিতলে বেঁচে থাকে রোনালদোর স্বপ্ন। হেরে গেলে কেবল দলটির নয়, বিশ্বকাপ যাত্রা শেষ হবে রোনালদোরও।
ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ মহাতারকা। ৪ ম্যাচে ৩ গোল করেছেন। রাউন্ড অব বত্রিশে ক্রোয়েশিয়াকে হারানো ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। চার ম্যাচে দুবার সেরার পুরস্কার জেতা সিআরসেভেনের সামনে আজ স্পেন। যে স্পেনের বিপক্ষে ২০১৮ সালে হ্যাটট্রিক করেছিলেন তিনি। যদিও, সোনালি অতীত পেছনে ফেলে এসেছেন।
শেষ ষোলোর পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ ম্যাচের আগেই অবশ্য নিজের ভবিতব্য জানিয়েছেন সিআরসেভেন। সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন। ম্যাচ ঘিরে উত্তেজনা আর চাপের মাঝেও তার কণ্ঠে ছিল বিদায়ের ইঙ্গিত।
রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি আমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জিতলেও আমি সবসময় ক্রিস্টিয়ানো থাকব। আর যদি না জিতি তবু আমি সবসময় ক্রিস্টিয়ানোই থাকব।’
এরপরই শুরু হয়েছে গুঞ্জন। কারও মতে, কেবল বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন রোনালদো। তাই ভক্তরা প্রতিটি ম্যাচ শেষ ভেবেই দেখেন। নকআউটে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। যদিও ভক্তরা চান, শেষটা রাঙিয়ে তবেই থামুক রোনালদো। একটা প্রজন্ম যে ফুটবল বলতে তাকেই বোঝে।

স্পোর্টস ডেস্ক