আর্জেন্টিনাকে হতাশায় ভাসিয়ে বিরতিতে গেল মিসর
দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দুই সফল ফুটবল শক্তির লড়াইয়ে প্রথমার্ধে চমক দেখিয়েছে মিসর। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আটলান্টায় বিরতিতে ১-০ গোলে এগিয়ে রয়েছে সাতবারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়নরা। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে ১৬তম মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় মিসর। মারওয়ান আতিয়ার নিখুঁত কর্নার থেকে বক্সের মাঝখানে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান ইয়াসের ইব্রাহিম। আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে বল জালের নিচের ডান কোণে আশ্রয় নেয়।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ২০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পান লিওনেল মেসি। কিন্তু তার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোহামেদ এল-শোবেইর।
এরপরও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ২৮তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শক্তিশালী হেড অসাধারণ রিফ্লেক্সে ফিরিয়ে দেন শোবেইর। ৪০তম মিনিটে কাটব্যাক থেকে বল পেয়ে হুলিয়ান আলভারেজ একা গোলরক্ষকের মুখোমুখি হলেও বাঁদিকে ঝাঁপিয়ে আরও একটি অবিশ্বাস্য সেভ করেন মিসরের এই গোলরক্ষক। অনেকের মতে, মেসির পেনাল্টি ঠেকানোর চেয়েও আলভারেজের শট রুখে দেওয়াটাই ছিল আরও কঠিন।
প্রথমার্ধজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও মিসরের সুসংগঠিত রক্ষণ এবং শোবেইরের অনবদ্য গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। ফলে বিরতিতে ১-০ গোলের মূল্যবান লিড নিয়েই ড্রেসিংরুমে ফিরেছে মিসর।

স্পোর্টস ডেস্ক