বিশ্বকাপের দুই সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের উন্মাদনার সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। এবারের মতো সেই উন্মাদনা প্রায় শেষের পথে। ৪৮ দলের টুর্নামেন্টে টিকে আছে আর মাত্র ৪টি দল। সেমিফাইনাল শেষে সেখান থেকেও বিদায় নেবে দুটি দল।
বিশ্বকাপের দুই সেমিফাইনালে কারা হাসবে শেষ হাসি, সেটার গাণিতিক বিশ্লেষণ এবং সম্ভাবনা প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটার।
এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন লড়াই হবে প্রথম সেমিফাইনালে যেখানে প্রতিপক্ষ দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স আর স্পেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স উড়িয়ে দিয়ে এসেছে মরক্কোকে। আফ্রিকার দেশটিকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। আর স্পেন হারিয়েছিল ইউরোপেরই আরেক দেশ বেলজিয়ামকে। জয়টা ছিল ২-১ গোলের ব্যবধানে।
হাইভোল্টেজ এই ম্যাচটির দিকে চেয়ে থাকবে বিশ্বের কোটি ফুটবল প্রেমী। তবে এখান থেকেও তো মন খারাপের বিষাদে বিদায় নিতে হবে একদলকে। আর একদল যাবে স্বপ্নের ফাইনালে। অপ্টার সুপারকম্পিউটার ফাইনালে যাওয়ার জন্য এগিয়ে রাখছে ফ্রান্সকে। ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। আর স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াই করে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ৩-১ গোলে সুইসদের হারিয়েছে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ ইংল্যান্ড। তারা সেমিফাইনালে হারিয়ে এসেছে উড়তে থাকা নরওয়েকে। এই দুই দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল।
অপ্টার সুপারকম্পিউটার অবশ্য আভাস দিচ্ছে সেমিফাইনালে সবচেয়ে কঠিন লড়াই হবে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যে। ফাইনালে যাওয়ার জন্য এই দুই দলের সম্ভাবনাই অনেক কাছাকাছি। ব্যবধানটা ফিফটি-ফিফটিও বলা যায়, যেখানে ইংল্যান্ড এগিয়ে আছে সামান্য ব্যবধানে।
সুপারকম্পিউটারের পরিসংখ্যান বলছে, দ্বিতীয় সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ। আর আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।
তবে সুপারকম্পিউটারের গাণিতিক হিসাব কিংবা পরিসংখ্যানই শেষ কথা নয়, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয়টা তাদের হাতেই ধরা দিবে। তাই ফাইনালে যেতে হলে দলগুলোকে মাঠের খেলায় দিতে হবে নিজেদের সেরাটা।

স্পোর্টস ডেস্ক