বিস্ময় আর সুন্দরের অপূর্ব মিশেল মেসি
ফুটবলের ইতিহাসে কিছু নাম শুধু সময়ের সঙ্গে বেঁচে থাকে না। তারা হয়ে ওঠে একেকটি যুগের পরিচয়। লিওনেল মেসি তেমনই এক বিস্ময়। যার বাঁ পায়ের জাদুতে সবুজ গালিচা পেয়েছে শিল্পের রূপ। তার প্রতিটি ড্রিবল যেন মুগ্ধতার গল্প। প্রতিটি পাস যেন নিখুঁত পরিকল্পনার ছবি। আর প্রতিটি গোল যেন কোটি হৃদয়ে আনন্দের নতুন ঢেউ।
রোজারিওর ছোট্ট শহর থেকে উঠে আসা সেই স্বপ্নবাজ কিশোর আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। প্রতিভা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মিশেলে মেসি গড়ে তুলেছেন এমন এক উত্তরাধিকার— যা ফুটবলপ্রেমীরা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
২০০৪ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মেসির। ২০০৫ সালে প্রথম গোলের পর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। ছোটখাটো গড়নের সেই আর্জেন্টাইন প্রতিভা ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতীক। বার্সেলোনার জার্সিতে ৭০০-এর বেশি গোল, অসংখ্য লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ জয় করে তিনি ক্লাব ফুটবলের ইতিহাসে তৈরি করেছেন অনন্য এক অধ্যায়। ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের পর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে আরও সাতবার এই সম্মান অর্জন করেন তিনি। আটটি ব্যালন ডি’অর তার দীর্ঘদিনের আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণ।
২০১২ সাল ছিল মেসির কিংবদন্তি হয়ে ওঠার অন্যতম বড় অধ্যায়। এক বছরে ৯১ গোল করে তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লিখে দেন। তবে মেসির মাহাত্ম্য শুধু গোলের সংখ্যায় সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একই সঙ্গে গোলদাতা, সৃষ্টিশীল খেলোয়াড় এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা এক অসাধারণ শিল্পী। তার ড্রিবল, পাস ও খেলা বোঝার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
জাতীয় দলের হয়ে দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে আসে কোপা আমেরিকা জয়। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি লিখেছেন ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অধ্যায়। সাত গোল ও তিন অ্যাসিস্টে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন তিনি। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে মেসি পূর্ণতা দেন নিজের দীর্ঘদিনের স্বপ্নকে। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ম্যাচ খেলা, গোল ও অ্যাসিস্টের অসংখ্য কীর্তিও তাকে ইতিহাসের অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
২০২৬ বিশ্বকাপেও মেসির বাঁ পায়ের জাদু অব্যাহত। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে কঠিন পরিস্থিতিতে আবারও দলের প্রধান শক্তি হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নিখুঁত দুইটি অ্যাসিস্টে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় পায় এবং ফাইনালে জায়গা করে নেয়। গোল না করেও তিনি প্রমাণ করেন, বড় মঞ্চে তার প্রভাব কতটা গভীর। মেসি শুধু নিজে আলো ছড়ান না, তার উপস্থিতিতেই সতীর্থদের পারফরম্যান্স হয়ে ওঠে আরও উজ্জ্বল।
মেসির সবচেয়ে বড় গুণ হলো সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন দুর্দান্ত ড্রিবলার, পরে হয়ে উঠেছেন মাঠের কৌশলী নেতা। বয়স বাড়লেও কমেনি তার ফুটবল বুদ্ধি, নিখুঁত পাস ও গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা।
অনেক খেলোয়াড় ইতিহাসে জায়গা করে নিয়েছেন, কিন্তু মেসি নিজেই যেন ইতিহাসের একটি অংশ। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি যুগের প্রতীক। তাই ফুটবলের শেষ কথা বলতে গেলে একটি নামই সবার আগে আসে— লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক