বিশ্বকাপে দাপুটে ফ্রান্সের সাম্রাজ্য ভেঙে দিল স্পেন
বিশ্বকাপের শুরু থেকে ফ্রান্স ছিল অপ্রতিরোধ্য এক শক্তি। একের পর এক ম্যাচে দাপট দেখিয়ে, তারার মেলা সাজিয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল তারা। যার নেতৃত্ব দিচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফাইনালের দরজায় এসে সেই স্বপ্নের পথে দেয়াল হয়ে দাঁড়াল স্পেন। স্প্যানিশদের ছন্দময় ফুটবলে থেমে গেল ফ্রান্সের আধিপত্য। শেষ হয়ে গেল ইতিহাস গড়ার অপেক্ষাও।
ডালাসের রাতটি ছিল ফ্রান্সের জন্য হতাশার, আর স্পেনের জন্য ফাইনালের টিকিট নিশ্চিত করার। লা রোহা শুধু ২-০ গোলের জয়ই পায়নি, তারা থামিয়ে দিয়েছে এমন এক দলকে, যাদের বিশ্বকাপজুড়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি মনে করা হচ্ছিল। নিয়ন্ত্রিত ফুটবল, নিখুঁত পাসিং আর কৌশলগত দৃঢ়তায় স্পেন প্রমাণ করেছে, বড় মঞ্চে তারাও সমান ভয়ংকর।
বিশ্বকাপের শুরু থেকেই ফ্রান্স দেখিয়েছে তাদের শক্তির পরিচয়। আক্রমণভাগে এমবাপ্পে, মাঝমাঠে চুয়ামেনির সৃজনশীলতা এবং রক্ষণে দৃঢ়তা সব মিলিয়ে দিদিয়ের দেশমের দল ছিল পরিপূর্ণ এক ইউনিট। প্রতিটি ম্যাচে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, আর সমর্থকদের চোখে তারা উঠে এসেছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে।
কিন্তু সেমিফাইনালে স্পেনের পরিকল্পনার সামনে ফ্রান্সের সেই শক্তির বড় অংশই নিষ্প্রভ হয়ে যায়। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন। ২০তম মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় তারা। স্পট কিক থেকে গোল করে মিকেল ওইয়ারসাবাল লা রোহাদের এনে দেন স্বস্তির লিড।
দ্বিতীয়ার্ধে ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্পেনের ছন্দে কোনো ফাটল ধরাতে পারেনি। উল্টো ৫৮তম মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। এরপর বাকি সময়টা ছিল ফ্রান্সের মরিয়া চেষ্টা আর স্পেনের দৃঢ় প্রতিরোধের গল্প।
এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এমবাপ্পে। পুরো টুর্নামেন্টে ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা হয়ে থাকা এই তারকা সেমিফাইনালে নিজের ছাঁয়া হয়েই ছিলেন। স্পেনের রক্ষণভাগের সামনে গতি ও আক্রমণের ধার দেখাতে পারেননি তিনি। বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি হতাশায় মেজাজও হারান, যার ফল হিসেবে দেখতে হয় হলুদ কার্ড।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা থেমে যায়। আর ফাইনালের টিকিট পেয়ে যায় স্পেন। ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার ইতিহাস গড়ার সুযোগ ছিল ফ্রান্সের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হলো তাদের।
পুরো আসরে দাপট দেখানো ফরাসিদের হারিয়ে লা রোহারা প্রমাণ করেছে। বড় ম্যাচে দলীয় পরিকল্পনা ও একসঙ্গে লড়াই করার মানসিকতাই সবচেয়ে বড় শক্তি। এখন শিরোপার স্বপ্ন নিয়ে ফাইনালের অপেক্ষায় স্পেন।

স্পোর্টস ডেস্ক