হারের রাতেও রেকর্ড গড়লেন এমবাপ্পে
স্পেনের বিপক্ষে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্রের নাম ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। পুরো ম্যাচ জুড়ে ছিলেন নিষ্প্রভ। ম্যাচের ফলাফলও ফ্রান্সের পক্ষে আসেনি। হেরেছে ২-০ গোলের ব্যবধানে। তবে হারের রাতেও নতুন এক রেকর্ড গড়েছেন এমবাপ্পে।
আগের ম্যাচেই ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হুগো লরিসকে ছুঁয়েছিলেন এমবাপ্পে। এদিন স্পেনের বিপক্ষে মাঠে নেমে লরিসকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড দখলে নিলেন এমবাপ্পে।
ডালাসের এই ম্যাচটি ছিল বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ক্যারিয়ারের ২১তম ম্যাচ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিসের ২০ ম্যাচ খেলার রেকর্ডকে। বিশ্বকাপে ফ্রান্সের জার্সি গায়ে আর কোনো ফুটবলার এত ম্যাচ খেলার সুযোগ পাননি।
রেকর্ড গড়ার পাশাপাশি এমবাপ্পের আরও একটি পরিসংখ্যান বেশ নজর কাড়া। বিশ্বকাপে যে ১৮টি ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন, তার মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে ফ্রান্স। অর্থাৎ, শুরুর একাদশে থাকা ম্যাচগুলোতে তার হারার রেকর্ড ছিল না বললেই চলে।
তবে ব্যক্তিগত অর্জনের দিনে দলের হার এমবাপ্পের জন্য নিশ্চয়ই বড় বেদনার। দারুণ ছন্দে থাকা এমবাপ্পে এবারের বিশ্বকাপে মোট ৮টি গোল করেছেন। গোল্ডেন বুট জয়ের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। তবে সেই পথও রুদ্ধ হয়ে গেল।

স্পোর্টস ডেস্ক