ইংল্যান্ড ম্যাচে কেনো কালো আর্মব্যান্ড পড়বে আর্জেন্টিনা?
একদিকে বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন। অন্যদিকে, হারানো এক কিংবদন্তির স্মৃতি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এমন আবেগ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। দলের জার্সিতে থাকবে কালো আর্মব্যান্ড। যা উৎসর্গ করা হয়েছে দেশটির সাবেক অধিনায়ক ও ফুটবল ইতিহাসের মহানায়ক আন্তোনিও রাত্তিনকে।
গত ১১ জুলাই ৮৯ বছর বয়সে মারা যান রাত্তিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে কালো আর্মব্যান্ড পরে খেলার অনুমতি চায়। ফিফা সেই অনুরোধ অনুমোদন করেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও রাত্তিনের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে রাত্তিন ছিলেন নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক। ‘এল রাতা’ নামে পরিচিত এই মিডফিল্ডার ১৯৫৯ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। দেশের জার্সিতে ৩৪ ম্যাচে প্রতিনিধিত্ব করা রাত্তিন ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে অংশ নেন। ১৯৬৬ বিশ্বকাপে তিনিই ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে এবারের সেমিফাইনালের সঙ্গে রাত্তিনের স্মৃতি জড়িয়ে আছে ৬০ বছর আগের এক ঘটনার কারণে। ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রেইটলিন রাত্তিনকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। তবে ভাষাগত সমস্যার কারণে তৈরি হয় বিতর্ক, আর সেই ঘটনা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে।
রাত্তিনের সেই ঘটনার পর ফুটবলে আসে বড় পরিবর্তন। খেলোয়াড়দের সতর্ক করা ও বহিষ্কারের সিদ্ধান্ত স্পষ্ট করতে ফিফা চালু করে হলুদ ও লাল কার্ডের নিয়ম। ১৯৭০ বিশ্বকাপ থেকে এই ব্যবস্থা কার্যকর হয়। যা বর্তমানে ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
খেলোয়াড়ি জীবন শেষে রাত্তিন ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রাত্তিনের স্মৃতি ও আবেগকে সঙ্গে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ের সঙ্গে মিশে থাকবে ফুটবল ইতিহাসের এক কিংবদন্তিকে স্মরণ করার বিশেষ মুহূর্ত।

স্পোর্টস ডেস্ক