রুনিকে ছাড়িয়ে কিংবদন্তিদের কাতারে হ্যারি কেইন
বিশ্বকাপের সেমিফাইনাল মানেই চাপ, প্রত্যাশা আর ইতিহাস গড়ার মঞ্চ। আর্জেন্টিনার বিপক্ষে সেই মহারণে মাঠে নামতেই ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডের শুরুর একাদশে মাঠে নেমেছেন কেইন।
একাদশে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে দিলেন ওয়েন রুনির দীর্ঘদিনের রেকর্ড। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও সামনে রয়েছে এই তারকা স্ট্রাইকারের।
এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের জার্সিতে কেইনের ১২১তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আউটফিল্ড ফুটবলারের রেকর্ড গড়েছেন। এতদিন এই কীর্তির মালিক ছিলেন সাবেক অধিনায়ক ওয়েন রুনি। তবে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার সামগ্রিক রেকর্ড এখনও কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের। ১২৫টি ম্যাচ খেলেছিলেন তিনি।
ম্যাচ খেলার রেকর্ডের পাশাপাশি গোলের দিক থেকেও অনেক আগেই রুনিকে ছাড়িয়ে গেছেন কেইন। থ্রি লায়ন্সের জার্সিতে এখন পর্যন্ত ৮৫টি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। যেখানে রুনির গোলসংখ্যা ছিল ৫৩। ফলে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও এখন কেইনের দখলে।
বিশ্বকাপের মঞ্চেও দুর্দান্ত ছন্দে রয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৪। এতে তিনি জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে।
চলতি বিশ্বকাপে সেমিফাইনালের আগে কেইনের গোলসংখ্যা ছয়। আর্জেন্টিনার বিপক্ষে আর একটি গোল করতে পারলেই এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের করে নেবেন তিনি। বর্তমানে এই কীর্তিতে তার সঙ্গে যৌথভাবে আছেন গ্যারি লিনেকার। ১৯৮৬ সালে লিনেকার এবং ২০১৮ সালে কেইন, দুজনই এক আসরে ছয়টি করে গোল করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ইংল্যান্ড অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক