পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন ফ্রান্সের ওলিসে
সেমিফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ফাইনাল খেলার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হার দেখেছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এসবের মাঝেও নিজের ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলাদাভাবে আলো কেড়েছেন ফ্রান্সের উদীয়মান তারকা মাইকেল ওলিসে। ৫৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের পাশে।
টুর্নামেন্টের শুরু থেকেই সৃজনশীল ফুটবল ও নিখুঁত পাসিংয়ে মুগ্ধ করেছেন ওলিসে। নিজে গোল না পেলেও সতীর্থদের সুযোগ তৈরি করেছেন বারবার। আর এতেই নাম লিখিয়েছিলেন বিশ্বকাপের ইতিহাসের পাতায়।
এবারের আসরে সতীর্থদের ছয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন ওলিসে। বিশ্বকাপে এতদিন এক আসরে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট করে এককভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। ১৯৭০ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার তার পাশে বসলেন ফরাসি তারকা ওলিসে।
বয়সটা মোটে ২৪। এখনো সামনে পড়ে আছে লম্বা সময়। এরই মধ্যে বিশ্বমঞ্চে নিজের জানান দিয়ে উদীয়মান এই ফরাসি তারকা। সামনের কোনো বিশ্বকাপে হয়তো পেলেকেও ছাড়িয়ে এককভাবে এই রেকর্ড নিজের দখলে নেবেন তিনি। এবারের আসরেই সেই সামর্থের প্রমাণ রেখেছেন তিনি। যদিও ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

স্পোর্টস ডেস্ক