খুদে শিক্ষার্থীদের জন্য দেশের সবচেয়ে বড় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের অন্যতম বৃহৎ মেধা যাচাইয়ের প্রতিযোগিতা বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএম এসও) ২০২৬-এর নিবন্ধন শুরু হয়েছে। যৌথভাবে এ আয়োজন করছে সোসাইটি ফর দ্য পপুলাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
গতকাল বুধবার (২২ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, এই অলিম্পিয়াড থেকেই আগামী ২ থেকে ৭ অক্টোবর ২০২৬ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (IMSO 2026)-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা হবে। বিশ্বব্যাপী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আইএমএসও সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড হিসেবে পরিচিত।
অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর ২০১৩-এর পরে জন্মগ্রহণকারী এবং ষষ্ঠ শ্রেণি বা তার নিচে অধ্যয়নরত হতে হবে। তবে ব্রিটিশ কারিকুলাম বা সমমানের ইংরেজি মাধ্যমের যেসব শিক্ষার্থী আগস্ট ২০২৬-এ সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা অংশ নিতে পারবে না।
এবার দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড ক্যাটাগরি ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য এবং কুইজ ক্যাটাগরি তৃতীয় শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য। কুইজ ক্যাটাগরির বিজয়ীরা আন্তর্জাতিক অলিম্পিয়াড বা আবাসিক ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে না।
আগামী ৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর-এই চারটি অঞ্চলে একযোগে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি এবং প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে ৬০ মিনিট।
জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগস্টেই জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে ল্যাবভিত্তিক প্রশিক্ষণ, সমস্যা সমাধান ও ক্যাম্পিং কার্যক্রম শেষে টিম সিলেকশন টেস্ট (টিএসসি)-এর মাধ্যমে ১২ সদস্যের জাতীয় দল (৬ জন গণিত ও ৬ জন বিজ্ঞান) চূড়ান্ত করা হবে।
গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসও-তে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে। তারা ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জিতেছিল।
বিডিওএসএন ও এসপিএসবির সভাপতি মুনির হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু মুখস্থবিদ্যা নয়, বরং শিশুদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, অনুসন্ধিৎসু মন গড়ে তোলা এবং যৌক্তিক চিন্তার বিকাশ ঘটানো।’
আগ্রহী শিক্ষার্থীরা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। একই ওয়েবসাইটে সিলেবাস, নমুনা প্রশ্ন ও অংশগ্রহণ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এ আয়োজনের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে পুষ্টি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আর ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে রিফ্লেক্টিভ টিন এবং টেমস একাডেমি।

নিজস্ব প্রতিবেদক