আবারও অ্যামাজনে কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার প্রকৌশলী
বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ডিভাইস ও সেবা বিভাগ থেকে প্রায় ২৫০ কর্মী ছাঁটাই করেছে। ছাঁটাই হওয়া কর্মীদের বেশিরভাগই সফটওয়্যার উন্নয়ন বিভাগের বলে জানা গেছে।
নতুন কিন্ডল ই-রিডার ও ট্যাবলেট কম্পিউটারসহ একাধিক পণ্য বাজারে ছাড়ার কয়েক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার (২৮ অক্টোবর) অ্যামাজন ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে অ্যামাজনের এক মুখপাত্র বলেন, ‘আমরা অল্পসংখ্যক পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা সর্বোচ্চ ২৫০ জনের মতো হতে পারে। এতে মূলত সফটওয়্যার উন্নয়ন বিভাগের কর্মীরা বেশি প্রভাবিত হয়েছেন।
অ্যামাজনের মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা এবং পণ্য উন্নয়নের পরিকল্পনার সঙ্গে কাজের যথাযথ সমন্বয় করতে এ সিদ্ধান্ত সহায়তা করবে।
ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার দিনই নতুন অ্যালার্ম ঘড়ি ও ফটো ফ্রেম বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইমেইল ও খুদে বার্তায় চাকরিচ্যুতির খবর
অ্যামাজনের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী, বুধবার ভোরে কর্মীদের ইমেইল ও খুদে বার্তার মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়।
রয়টার্সের হাতে আসা ডিভাইস ও সেবা বিভাগের মানবসম্পদবিষয়ক ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের সাংগঠনিক কাঠামো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনার ফলেই কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে অ্যামাজন তাদের মূল খুচরা বিক্রয় বিভাগ থেকেও প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছিল।
সূত্র: রয়টার্স

এনটিভি অনলাইন ডেস্ক