টিকটকে যুক্ত হলো ডিডাব্লিউ বাংলা
সংবাদ এখন শুধু টেলিভিশন বা ওয়েবসাইটে সীমাবদ্ধ নেই। বিশেষ করে তরুণদের বড় একটি অংশ খবর ও সমসাময়িক নানা তথ্য জানতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এই প্রেক্ষাপটে এবার টিকটকে যুক্ত হলো জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে বা ডিডাব্লিউ বাংলা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর দ্য ডেইলি স্টারের তৌফিক আজিম সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য ডিডাব্লিউ বাংলার টিকটক চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ডিডাব্লিউ জানিয়েছে, বাংলাদেশের দর্শকদের কথা মাথায় রেখে চালু হওয়া নতুন এই টিকটক চ্যানেলে দেশ, অঞ্চল ও বিশ্বের বিভিন্ন খবর তুলে ধরা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী সংক্ষিপ্ত ও সহজবোধ্য ভিডিওর মাধ্যমে এসব কনটেন্ট প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডাব্লিউ বাংলার প্রধান সঞ্জীব বর্মন, ডিডাব্লিউ বাংলার ডেপুটি চিফ অমৃতা পারভেজ, এশিয়া অঞ্চলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ন পাইকার্ট, মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক যুবায়ের আহমেদসহ ডিডাব্লিউ বাংলার একাধিক সংবাদকর্মী।
অনুষ্ঠানে ডিডাব্লিউ বাংলার প্রধান সঞ্জীব বর্মন বলেন, ‘দর্শকদের সংবাদ গ্রহণের ধরন দ্রুত বদলাচ্ছে। বাংলাদেশে টিকটকও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই পরিবর্তনকে বিবেচনায় নিয়েই বাংলাদেশি দর্শকদের জন্য আমাদের টিকটক যাত্রা শুরু হলো। এরই মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছু কনটেন্ট তৈরি করেছি এবং দর্শকদের প্রতিক্রিয়াও দেখেছি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হলো।’
ডিডাব্লিউ বাংলার সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা, ভারসাম্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান সঞ্জীব বর্মন।
ডিডাব্লিউ বাংলার ডেপুটি চিফ অমৃতা পারভেজ বলেন, ‘নতুন প্ল্যাটফর্মে আমাদের অন্যতম লক্ষ্য তরুণ দর্শকদের কাছে সংবাদকে আরও সহজভাবে পৌঁছে দেওয়া। টিকটকের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ফরম্যাটকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বা বিষয়ের মূল তথ্য দ্রুত তুলে ধরার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও থাকবে এই চ্যানেলের কনটেন্টে।’
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে বর্তমানে ৩২টি ভাষায় বিশ্বজুড়ে সংবাদ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করে। ডিজিটাল প্ল্যাটফর্ম, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে জার্মানি, ইউরোপ ও বিশ্বের নানা বিষয়ে সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরে প্রতিষ্ঠানটি। বাংলা ভাষায় দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে ডিডাব্লিউ।

এনটিভি অনলাইন ডেস্ক