বাংলাদেশে এলো সনির নতুন দুই হেডফোন, থাকছে শব্দ নিয়ন্ত্রণ সুবিধা
জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি বাংলাদেশের বাজারে নতুন দুটি তারহীন হেডফোন এনেছে। মডেল দুটি হলো ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জি অ্যান্ড জি) আউটলেটে যৌথভাবে হেডফোন দুটি উন্মোচন করে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার।
এর মধ্যে ডব্লিউএইচ-সিএইচ৫৩০ দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি হালকা ওজনের অন-ইয়ার হেডফোন। প্রায় ১৫০ গ্রাম ওজনের এই হেডফোন একবার পূর্ণ চার্জে ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। কলের সময় স্বচ্ছ শব্দ নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দ কমানোর প্রযুক্তি রয়েছে। এ ছাড়া ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে হেডফোনটি একই সঙ্গে দুটি যন্ত্রের সঙ্গে সংযুক্ত রাখা যায়।
অন্যদিকে ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে রয়েছে শব্দ নিয়ন্ত্রণ বা নয়েজ ক্যানসেলেশন সুবিধা এবং ভাঁজ করে রাখার ব্যবস্থা। এতে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আশপাশের অবাঞ্ছিত শব্দ কমাতে সহায়তা করে।
হেডফোনটিতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডও রয়েছে। এর মাধ্যমে হেডফোন পরা অবস্থাতেও আশপাশের পরিবেশের শব্দ শোনা যায়। শব্দ নিয়ন্ত্রণ সুবিধা চালু রেখে একবার চার্জে এটি ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মাত্র তিন মিনিট চার্জে পাওয়া যাবে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা।
ছাড় ও কিস্তি সুবিধা
ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেল কিনলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাস পর্যন্ত শূন্য শতাংশ কিস্তি সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে থাকছে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ কিস্তি সুবিধা। উভয় মডেলের সঙ্গে রয়েছে ১২ মাসের ওয়ারেন্টি। হেডফোন দুটি বর্তমানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
২০১১ সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের প্রযুক্তি ও জীবনধারাভিত্তিক পণ্যের অন্যতম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। বাংলাদেশে সনির অডিও পণ্যের অনুমোদিত খুচরা বিক্রেতা হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ঢাকার বনানী ১১ নম্বর সড়কে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ সংশ্লিষ্টরা।

এনটিভি অনলাইন ডেস্ক