করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু কমেছে
নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দিন দিন কমে আসছে। সেইসঙ্গে কমছে আক্রান্তের সংখ্যাও।
করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৭৬ জনে। সংবাদমাধ্যম ইউএনবি এ খবর জানিয়েছে।
দিনের হিসাব যদি করা হয়, তাহলে গতকাল রোববার একদিনে সারা বিশ্বে এ ভাইরাসে প্রাণ গেছে তিন হাজার ৫১০ জনের, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এ ছাড়া গত শনিবার বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যায় চার হাজার ২৪৮ জন। এর আগে গত শুক্রবার ও বৃহস্পতিবার মারা যায় যথাক্রমে পাঁচ হাজার ৫৫০ ও পাঁচ হাজার ৫৮৯ জন। গত সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যায় গত ৬ মে। ওই দিন ছয় হাজার ৮১১ জনের মৃত্যু ঘটে।
এদিকে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ পাঁচ হাজার ৬৬৭ জনের মধ্যে স্থিতিশীল অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এ ছাড়া বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৩৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র ২ শতাংশ।
বিশ্বব্যাপী করোনায় দিন দিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমে আসছে। গত ৮ মে একদিনে ৯৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এর পরের দিন আক্রান্ত হয় ৮৮ হাজার ৯৮৮ জন। আর গতকাল রোববার একদিনে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৮৭৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক