করোনার ভয়াবহতম রূপ দেখা এখনো বাকি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখা এখনো বাকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় কিছু দেশ লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরই এমন সতর্কবার্তা শোনালেন ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। তবে কীভাবে এ ভাইরাসের সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে টেড্রস আধানম সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনো আমাদের সামনে রয়েছে। আসুন, আমরা এই বিপর্যয় প্রতিরোধ করি। অনেক মানুষ এখনো বুঝতে পারছে না যে, এটি একটি ভাইরাস।’
এর আগে টেড্রস আধানমসহ অন্যান্যরা সতর্ক করেছিলেন, আফ্রিকার যেসব দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো নয়, সেসব দেশে ভবিষ্যতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ইউরোপ ও এশিয়ার কিছু দেশ, এমনকি করোনার সবচেয়ে ভয়াল ছোবলে পড়া যুক্তরাষ্ট্রেও বিধিনিষেধ শিথিল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু দেশে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্র, স্কুল, ব্যায়ামাগার, সমুদ্র সৈকত, দোকানপাট, রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান। যদিও এর আগে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে ভালোভাবেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৪৭২ জনে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮২ হাজার ২৭২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ছয় লাখ ৫২ হাজার ১৭২ জন।

অনলাইন ডেস্ক