নির্মাণশ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সৌদি
সৌদি আরবের উন্নয়নের অন্যতম প্রধান খাত নির্মাণশিল্প। ক্রমবর্ধমান এই শিল্পে প্রচুর দেশি-বিদেশি নির্মাণশ্রমিক কাজ করেন। আর এই শিল্পে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সৌদি সরকার।
দেশটির গণমাধ্যম জানায়, গত পাঁচ বছরে বেসরকারিভাবে নির্মাণশিল্পে কর্মরত তিন লাখ সাত হাজার ৮৫৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদের ৯২ ভাগই বিদেশি শ্রমিক।
সৌদির শ্রম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত পাঁচ বছরে নির্মাণকাজে ৫৪ ভাগ শ্রমিক আহত হয়েছে রিয়াদ, মক্কা ও দাম্মামের এলাকাগুলোতে। বাকি ৪৬ ভাগ অন্যান্য এলাকায় আহত হন।
প্রতিবেদনটিতে গত পাঁচ বছরে আহত শ্রমিকদের একটি তালিকাও দেওয়া হয়। ওই তালিকায় যুক্ত পরিসংখ্যানে উল্লেখ করা আছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে শ্রমিক আহত হওয়ার সংখ্যা ২০ ভাগ কমেছে।
২০১৬ সালে আহত শ্রমিকের সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৬৭ জন, যেখানে ২০১৫ সালে ৬৭ হাজার ৮৭ জন শ্রমিক আহত হয়েছিলেন।
২০১৪ সালে শ্রমিক আহতের সংখ্যা ছিল ৬৯ হাজার ২৪১ জন। এ ছাড়া ২০১৩ সালে ৫২ হাজার ৪৬৭ জন ও ২০১২ সালে ৬৫ হাজার ৫৬৫ জন নির্মাণশ্রমিক আহত হয়েছিলেন।
সৌদি আরবে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক আহত বা নিহত হলে রাষ্ট্র যাবতীয় ক্ষতিপূরণ দেয়। এ ছাড়া শ্রমিকদের বিমা করাও নিয়োগকারীর জন্য বাধ্যতামূলক। এই বিমা প্রতিষ্ঠানগুলোই শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ দেয়।

আরব নিউজ