কনে গাড়ি চালাবেন শুনেই বিয়ে ভেঙে দিলেন বর!
আর কিছুক্ষণ বাদেই বিয়ে। এমন সময় কনের বাবা জানালেন, বিয়ের পর গাড়ি চালাতে দিতে হবে তাঁর মেয়েকে।
কনেপক্ষের এই আবদারে চমকে উঠলেন বর। সাফ জানিয়ে দিলেন, এই মেয়ের সঙ্গে বসবেন না বিয়ের পিঁড়িতে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঘটেছে এ ঘটনা।
আরবভিত্তিক সংবাদমাধ্যম আল ‘মারসদ’ জানায়, সেদিন বিয়ে হওয়ার কথা ছিল ওই জুটির। ৪০ হাজার সৌদি রিয়াল দেনমোহরে ঠিক হয়েছিল বিয়ে। কনেকে বিয়ের পর চাকরির অনুমতিও দিয়েছিলেন বর। কিন্তু হবু স্ত্রীর গাড়ি চালানোর আবদারটা তাঁর মনে ধরেনি। তাই পরিবারের সবাই বারবার বোঝানোর পরও গাঁটছড়া বাঁধলেন না তিনি।
চলতি বছরেই নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি সরকার। আগামী বছরের জুন থেকেই নারীদের গাড়ি চালানো ও কেনার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয় এক সরকারি বিবৃতিতে। এ সিদ্ধান্ত বিশ্বব্যাপী সমাদৃত হয়। সৌদি সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে সৌদি আরবের নারীদের অনেক রীতিনীতি মেনে চলতে হয়। দেশটিতে নারীদের পড়াশোনা, ভ্রমণ ও অন্য বিভিন্ন কাজের জন্য অভিভাবকের অনুমতি নিতে হয়।

অনলাইন ডেস্ক