ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, বিধায়কসহ নিহত ৬
ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার পেনুকোন্ডা এলাকায় সোমবার দিবাগত রাতে ট্রেন দুর্ঘটনায় কংগ্রেস বিধায়ক বেঙ্কটেশ নায়েকসহ ছয়জনের প্রাণহানি এবং ২০ জন আহত হয়েছেন।
অনন্তপুর জেলা পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদাকাসিরা লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। সেই সময় বেঙ্গালুরু নান্দের এক্সপ্রেস নামের একটি ট্রেন রেলক্রসিং অতিক্রম করছিল। ট্রাকটি সোজা ধাক্কা মারে ট্রেনে। এতে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ওই বগিগুলোর একটিতে ছিলেন বিধায়ক বেঙ্কটেশ নায়েক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া মৃতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক এবং ট্রাকের খালাসি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেঙ্গালুরু গুন্টাকল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী টাইমস অব ইন্ডিয়াকে জানান, হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তাঁর। প্রথমে কিছু বুঝতে পারেননি যাত্রীরা। কারণ সবাই তখন ঘুমাচ্ছিলেন। তিনি আরো জানান, বাইরে বেরিয়ে এসে দেখেন একটি লরির সঙ্গে ধাক্কায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। যাত্রীরা যখন বিষয়টি বুঝতে পারেন তখন চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় সাহায্যের জন্য।
ট্রেনের ওই যাত্রী বলেন, ‘আমরা সৌভাগ্যবশত বেঁচে গেছি। কিন্তু লাইনচ্যুত বগিগুলোর অবস্থা দেখে গা শিউরে উঠেছিল।’
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের বিরোধী দলের নেতা ওয়াই এস জগন্মোহন রেড্ডি।

অনলাইন ডেস্ক