সঙ্গী কুকুর নিখোঁজ, হতাশায় মাতাল বানর
পথে পেয়ে ‘সুধা’কে নিয়ে আসা হয় লোকালয়ে। পোষা প্রাণী হয়ে ঘরের আর বাইরের খাবার খেয়ে আরামে দিন কাটছিল। বন্ধু হিসেবে জুটেছিল একটি কুকুর ছানা। দুজনে মিলে পাড়া বেড়ানো। কুকুর ছানাটি হারিয়ে যাওয়ার পরই ঘটে বিপত্তি। শোকে মদ ধরে ‘সুধা’।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। আর সুধা একটি বানরের নাম।
একে তো বানর, তার ওপর পেটে পড়েছে মদ। যা হওয়ার তাই হচ্ছে। এলাকাজুড়ে মাতলামো করে বেড়াচ্ছে সুধা। কখনো ফাঁকা রিকশার আসনে বসে পড়ছে। কখনো ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ছে। মাঝেমধ্যে ভ্যান পেলে ভ্যানও চালাচ্ছে।
পাণ্ডবেশ্বর গ্রামে সুধার মালিকের নাম সেন্টু মণ্ডল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সঙ্গী কুকুর ছানাটি নিখোঁজ হয়ে যাওয়ার পরই নাকি মাথা বিগড়ে যায় সুধার! সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকার চোলাই ঠেক কিংবা রাত-বিরেতে কেউ মদের বোতল নিয়ে বাড়ি ফিরতে গেলে নাকি সুধা ছোঁ মেরে সেই সব মদ কেড়ে নিয়ে নিজেই ঢকঢক করে গলায় ঢেলে দিচ্ছে।
তারপর খানিকটা ঝিম ধরে বসে থেকে শুরু করছে মাতলামি। এলাকাবাসীর অভিযোগ, অনেকে নাকি ইচ্ছে করেও গেলাসে মদ ঢেলে খেতে দিচ্ছে সুধাকে। আর সেই মদ খাওয়ার পরই যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে সে। মদের নেশায় একচোট লাফালাফি দৌড়াদৌড়ি করার পর কারো ঘর ফাকা পেলে সেখানেই নাকি চিৎপটাং হয়ে লম্বা ঘুম মারছে। হাজার হোক নেশার ঘুম বলে কথা। আর এহেন সুধা নামক ওই বানরের বাঁদরামিতে এখন প্রাণান্তকর দশা স্থানীয় বাসিন্দাদের।
লোকালয়ে যেভাবে এল সুধা
স্থানীয় বাসিন্দারা যা জানিয়েছে, পনেরো দিন আগে রাত ১১টার দিকে কাজ সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা সেন্টু মণ্ডল। সেই সময় পাণ্ডবেশ্বরের মহাল নামক একটি স্থানে বীরভূমের দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক থেকে আচমকা বেশ কয়েকটি বানর লাফিয়ে রাস্তায় নামে। এর মধ্যে একটি বানর সেন্টু মণ্ডলের মোটর সাইকেলের পেছনে চেপে বসে। চলন্ত মোটরসাইকেলে বানরটি চুপ করে সেন্টুর কোমর ধরে পেছনে বসে থাকে। বানরের এহেন আচরণ দেখে রীতিমতো হকচকিয়ে যান সেন্টু। তিনি বানরটিকে সোজা বাড়িতে নিয়ে চলে আসেন। নিজের বাড়িতে রেখেই লালন পালন করতে থাকেন বানরটির। নাম দেন,‘সুধা’।
দিন তিনেক ঘরের মধ্যে বেশ চুপচাপই ছিল সুধা। কিন্তু স্বভাব কি আর সহজে যায়! সেন্টুর ঘর থেকে বেরিয়ে কখনো গাছে, কখনো পাঁচিলের ওপর চড়ে শুরু হয়ে যায় দৌরাত্ম্য। যে যা খেতে দেয় তাই খেয়ে-দেয়ে এলাকায় ঘুরে বেড়াতে থাকে সে। এমনকি সঙ্গী হিসেবে এলাকার একটা কুকুর ছানাকেও জুটিয়ে নেয় সে।

কলকাতা সংবাদদাতা