পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি আটক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আটজন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভারতীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার পুলিশ তাদের আটক করে। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের আটক করা হয়।
আটক বাংলাদেশিদের মধ্যে দুজন পুরুষ, ছয়জন মহিলা বলে জানিয়েছে পুলিশ।
হাবড়া থানার পুলিশ কর্মকর্তা মৈনাক ব্যানার্জি জানিয়েছেন, আটক বাংলাদেশিদের মধ্যে পুরুষ দুজন হলেন একরাম সরদার (৩৫) ও মহম্মদ মইনুদ্দিন (২৬)। নারীরা হলেন নাগমা খাতুন (৩০), অনিতা বিশ্বাস (৩৫), পারভিন খান (৬০), ফিরোজা খাতুন (৩০), শাহানারা খাতুন (১২) ও জেসমিন বেগম (২৫)। যশোর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে তাঁদের বাড়ি।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে যশোর রোডের ওপর ওঁত পাতা হয়। এরপর বনগাঁ থেকে দক্ষিণেশ্বরগামী ডিএন-৪৪ রুটের বাস হাবড়ায় আসতেই বাসটিকে দাঁড় করায় পুলিশ। বাস থেকে মোট ১০ জনকে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে নামানো হয়। যাঁর মধ্যে দুজনের কাছে ভারতীয় বাসিন্দার প্রমাণপত্র থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাকি আটজন ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণপত্র কিংবা ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক পুলিশি জেরায় আটক ব্যক্তিরা জানিয়েছেন তাঁরা কাজের খোঁজে ভারতে এসেছিলেন। বনগাঁ সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে চোরাপথে তাঁরা ভারতে ঢোকেন। তারপর সেখান থেকে ডিএন ৪৪ রুটের বাস ধরে বনগাঁ থেকে তাঁরা বারাসতের উদ্দেশে যাচ্ছিলেন।

কলকাতা সংবাদদাতা