অবসর নিচ্ছেন দাউদ ইব্রাহিম, যাবেন মক্কা!
আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ডন এবং ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম অবসর নিতে যাচ্ছেন। স্বাস্থ্য খারাপ হতে থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর বাইরে তাঁর স্ত্রী-সন্তানরাও তাঁকে ‘কাজের চাপ’ কমাতে বলেছেন বলে খবরে বলা হয়েছে।
আসছে শনিবার দাউদ ইব্রাহিমের ৬০তম জন্মদিন। এদিনই তাঁর অবসরের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে দাউদ ইব্রাহিমের উত্তরসূরি কে হচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ‘ডি-কোম্পানি’কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর ভাই আনিস আহমেদই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। দাউদের ডানহাত হিসেবে পরিচিত ছোটা শাকিল তাঁর বর্তমান অবস্থানেই থাকতে পারেন।
দাউদ বর্তমানে পাকিস্তানের করাচিতে বসবাস করছেন বলে মনে করা হয়। তাঁর রয়েছে মাদক, জুয়া ও অস্ত্র চোরাচালানের বহুজাতিক সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সম্পদের পরিমাণ ৭৮ হাজার কোটি টাকা।
আন্ডারওয়ার্ল্ডের এই ডন কয়েক বছর ধরে ধর্মেকর্মে মনযোগ দিয়েছেন। ৬০তম জন্মদিনের পর তিনি মক্কা যাবেন বলে খবরে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক