সেলফি তুলতে গিয়ে সলিল সমাধি
দুই বন্ধুকে নিয়ে সাগরের তীরে জেগে ওঠা একটি পাথরের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক তরুণী। হঠাৎ একটি বিরাট ঢেউ এসে আছড়ে পড়ে তাঁদের ওপর আর টেনে নিয়ে যায় সাগরের পানিতে।
গতকাল শনিবার সকালে ভারতের বান্দ্রার ওল্ড ফোর্ট এলাকার সমুদ্র তীরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় কলেজ শিক্ষার্থী তারান্নুম আনসারি (১৮) তাঁর দুই বন্ধু আনজুম খান (১৯) ও মুস্তারিন খানকে নিয়ে ওল্ড ফোর্ট এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই সমুদ্রের তীরে ভাটার সময় জেগে ওঠা একটি পাথরের ওপর দাঁড়িয়ে সেলফি তোলার শখ জাগে তাঁদের। আর এতেই বাধে বিপত্তি। তিন বন্ধু যখন সেলফি তুলছিলেন তখন হঠাৎ একটি ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যান তাঁরা।
ঘটনা বুঝতে পেরে স্থানীয় রমেশ ওয়ালুনজে তিন তরুণীকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। পরে আনজুম ও মুস্তারিনকে তীরে টেনে আনতে সমর্থ হন তিনি। তবে তারান্নুমের কোনো খোঁজ তাঁরা পাননি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ ও কোস্ট গার্ড। তবে আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত তারান্নুমের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বেঁচে ফিরে আসা মুস্তারিন জানান, তাঁরা এবারই প্রথমবারের মতো বান্দ্রা এলাকায় এসেছিলেন। মাত্র দুদিন আগেই ঘুরতে আসার পরিকল্পনা করে তাঁরা। আগামীকাল সোমবার থেকে তাঁদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার আগে একটু বেড়ানোর জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানান মুস্তারিন।
এই তিন তরুণী ঘাটকোপার, চেম্বুর ও দাদর এলাকার বিভিন্ন কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মুম্বাই পুলিশের মুখপাত্র এবং সহকারী পুলিশ কমিশনার ধনঞ্জয় কুলকার্নি জানান, যে মোবাইল ফোনে সেলফি তোলা হচ্ছিল সেটি ছিল আনজুমের। সকাল পৌনে ১১টার দিকে তিন বন্ধু মিলে সেলফি তোলার সময় ঢেউয়ের আঘাতে ভারসাম্য হারিয়ে ফেলেন তারান্নুম ও আনজুম। এ সময় তাঁরা পাথরটি থেকে পিছলে পড়ে যান। রমেশ তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। তবে তারান্নুমকে আর খুঁজে পাননি তিনি। এমনকি স্রোতের তীব্রতার জন্য পুলিশেরও উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান ধনঞ্জয়। তবে উদ্ধার অভিযান এখনো চলছে।
এদিকে ওই পাথর থেকে তিন তরুণী পা পিছলে পড়ে যাওয়ার ঘটনার কিছুক্ষণ পর থেকেই সেখানে উঠে ছবি ও সেলফি তুলতে দেখা যায় বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা মানুষদের।

অনলাইন ডেস্ক