ভারত দেখাতে ওলাঁদকে নিয়ে মোদির রেল ভ্রমণ
পরিবেশবান্ধব মেট্রোরেলে একসঙ্গে সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটি সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আজ সোমবার দিল্লির পাশের গুরগাঁও এলাকায় ইন্টেরিম সেক্রেটারিয়েট অব দি ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের উদ্বোধন করতে ট্রেনে করে যান এই দুই বিশ্বনেতা।
এনডিটিভি জানিয়েছে, বিকেল ৩টার কিছু পরে এই দুই নেতা ট্রেনে ওঠেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াসসহ ফরাসি প্রতিনিধিদল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ অন্যান্য নেতা ও ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সফরসঙ্গী ছিলেন।
ভ্রমণের সময় সামাজিক যোগাযোগপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী তাঁর টুইটারে এই ট্রেনভ্রমণের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘ফ্রাঁসোয়া ওলাঁদকে ভারত দেখাতে নিয়ে যাচ্ছি।’ এ ছাড়া আরেকটি ছবিতে তিনি গুরগাঁওয়ের ইন্টেরিম সেক্রেটারিয়েট অব দি ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের আয়োজনের প্রশংসা করেন।

অনলাইন ডেস্ক